
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধারের দাবি করেছে নগর গোয়েন্দা পুলিশ। তবে উদ্ধার করা মদের সুনির্দিষ্ট পরিমাণ, জব্দ তালিকা কিংবা এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না—এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় সাগরের বাসায় এ অভিযান চালানো হয়। পুলিশের একটি সূত্রের দাবি, অভিযানে প্রায় ২০০ বোতল ‘বিদেশি মদ’ উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে বলেও ওই সূত্র জানিয়েছে।
তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এমনকি সরেজমিনে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েও অভিযান কিংবা উদ্ধার হওয়া মদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে একাধিক সূত্রের দাবি, অভিযান চলাকালে ছাত্রদল নেতা সাগর তার বাসায় উপস্থিত ছিলেন এবং তাকে আটক করা হয়েছে। তবে গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা দাবি করেছেন, সাগরকে আটক করা সম্ভব হয়নি।
ফলে অভিযান শেষে উদ্ধার হওয়া মদের প্রকৃত পরিমাণ এবং এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।