
স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নয়, সাধারণ প্রতীকে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। এসব নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। এ জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মীর শাহে আলম বলেন, দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া বা রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অমান্য করে তারা কোনো সভা-সমাবেশ করলে বা দলীয় কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংশোধিত আইনে এবার দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ নেই। নির্বাচন হবে সাধারণ প্রতীকে। তবে মাঠপর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হবে। সমঝোতা না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বগুড়ার ইপিজেড, বিমানবন্দর ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ বড় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। বড় প্রকল্প বাস্তবায়নে নিয়মতান্ত্রিক প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগে। তবে ডিসেম্বরের মধ্যে বগুড়াবাসী এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।
এ সময় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।