
আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) ফেরাতে ভারতের সঙ্গে গোপন আঁতাত করে জামায়াত দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, জামায়াতের ধারাবাহিক লংমার্চ কর্মসূচির ঘোষণা ওই ষড়যন্ত্রেরই অংশ।
তিনি আরও বলেছেন, ভারতের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না বলেও উল্লেখ করেন তিনি।
‘গ্যাস-বিদ্যুৎ সংকট জাতীয় সমস্যা’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও গ্যাসের সংকটকে দেশের জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে রাশেদ খান বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা রাখা প্রয়োজন।
কিন্তু বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কারণ দেখিয়ে লংমার্চ করছে বলে মন্তব্য করেন তিনি। তার প্রশ্ন, ‘লংমার্চ করে কি ধরনের সমস্যার সমাধান হবে?’
ভারতের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগ
জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, স্বার্থের প্রয়োজনে জামায়াত তাদের শত্রুদের সঙ্গেও আঁতাত করতে পারে।
তার অভিযোগ, ভারতের সঙ্গে সমঝোতা করে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জামায়াত। এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা।
রাশেদ খানের দাবি, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াত দেশকে অশান্ত করার যে চেষ্টা করছে, তাদের লংমার্চ কর্মসূচিগুলোও সেই পরিকল্পনার অংশ।
‘খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারত যাবেন না প্রধানমন্ত্রী’
রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দিল্লি সরকার বারবার অনুরোধ জানিয়েছে। তবে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না।
একই ধরনের অনুরোধ ভারত যদি জামায়াতের আমিরকে জানাত, তাহলে এতদিনে জামায়াতের আমির দিল্লিতে থাকতেন বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানান রাশেদ খান। তবে তার অভিযোগ, জামায়াতসহ বিরোধী দল এর মধ্যেই চট্টগ্রামে লংমার্চ করেছে। এখন আবার রংপুরের উদ্দেশে লংমার্চ করার ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, জামায়াতের এই লংমার্চ এবং আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণা—দুটিই দেশকে অশান্ত করার অপচেষ্টা।
এ সময় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ‘জনগণকে বলব, আপনারা সতর্ক থাকুন, এই জামায়াতের চরিত্র সম্পর্কে জানুন।’
এ সময় ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট দূর করা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন রাশেদ খান।
পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন তিনি।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।