
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মোবারক কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের একটি টংঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার ‘শফির টিলা’সংলগ্ন একটি টংঘরে সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মোবারক হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার টিলাপাড়ার বাসিন্দা আবু তাহেরের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে দুটি তরবারি, দুটি রামদা, একটি ধামা, একটি দা, একটি ছুরি, একটি লোহার শাবল, এসএস পাইপ ও লোহার রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।