
বরিশাল নগরীর কাশিপুর এলাকায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোকের একটি ঝটিকা মিছিল আসে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বরিশাল বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কাছাকাছি মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়। এতে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্রাদার্স স্টোরের কর্মী মো. তামিম বলেন, কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক মিছিল নিয়ে আসেন। তারা স্লোগান দিতে দিতে মহাসড়কে পৌঁছে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যান।
ঘটনাস্থলের কাছে থাকা এক নারী চা-দোকানি জানান, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে কয়েকজনকে স্লোগান দিতে দিতে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আনিসুর রহমান বলেন, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সড়কে বিস্ফোরণের কিছু আলামত পাওয়া গেছে। তবে বিস্ফোরণের উৎস সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সেখানে মিছিল হওয়ার খবর পাওয়া গেলেও কোন দল বা গোষ্ঠী মিছিল করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।