
বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের আরও সাত যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী তার সাত স্বজনকে নিয়ে মাইক্রোবাসে করে আক্কেলপুরের বাড়িতে ফিরছিলেন। ভোররাতে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ভুট্টাবাহী ট্রাকটির সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।