
আওয়ামী লীগকে দেশে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর ক্ষেত্রে সরকারের ভেতরের একটি অংশ ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াত সহায়তা করছে—সরকারের মন্ত্রী ও নেতাদের এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তিনি। অভিযোগের সত্যতা থাকলে সংশ্লিষ্টদের তা প্রকাশ করার চ্যালেঞ্জও জানিয়েছেন জামায়াতের এই নেতা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাংগঠনিক সফরে ঝিনাইদহে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে তদন্তের দাবি
গোলাম পরওয়ারের অভিযোগ, সরকারের ভেতরে থাকা একটি অংশের পাশাপাশি প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি চক্র আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় করার জন্য ইন্ধন দিচ্ছে।
তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে কীভাবে অনুষ্ঠিত হওয়ার সুযোগ পেল, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকার পরও একই সময়ে দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ একটি দলের নেতা-কর্মীরা কীভাবে মিছিল করার সুযোগ পেলেন, তা খতিয়ে দেখা দরকার।
একই সঙ্গে এসব ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা এবং তাঁদের আসামি করার অভিযোগও তোলেন তিনি।
‘রাষ্ট্র মুদিদোকান নয়’
জ্বালানি খাতে ভর্তুকি এবং লোকসানের যুক্তি নিয়েও কথা বলেন গোলাম পরওয়ার। তাঁর ভাষায়, রাষ্ট্র কোনো মুদিদোকান নয় যে কেবল লাভ-লোকসানের হিসাব করবে। রাষ্ট্র জনগণের সেবার জন্য প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
তিনি বলেন, জনগণের কাছ থেকে আদায় করা খাজনা ও করের অর্থ থেকেই রাষ্ট্রের রাজস্ব আসে।
পরওয়ারের বক্তব্য, ভর্তুকি দেওয়ার প্রয়োজন হলে সরকারকেই তা দিতে হবে। তবে ছয় মাসের মধ্যে তিন দফায় মানুষের ওপর দ্রব্যমূল্যের চাপ বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানির দাম বাড়লে সর্বত্র প্রভাব পড়ে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে পড়ে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে পরিবহন খাতের পাশাপাশি উৎপাদন, বিপণন, কৃষি ও সেচসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়ে। ফলে এর চাপ সাধারণ মানুষের ওপরও পড়ে।
শেখ হাসিনার ভারত অবস্থান প্রসঙ্গে
পলাতক শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন গোলাম পরওয়ার।
তাঁর দাবি, বাংলাদেশের মানুষ নিজেদের দেশকে নিরাপত্তাহীন মনে করছে না। বরং শেখ হাসিনা বিদেশে অবস্থান করে যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং ভারত থেকে যে সমর্থন পাচ্ছেন, সেটিই বাংলাদেশের জন্য হুমকি তৈরি করছে বলে মনে করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়েও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তাঁর মতে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক সম্মানের বিষয়গুলো নিশ্চিত করা উচিত।
গোলাম পরওয়ার বলেন, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না।
ঝিনাইদহে জামায়াতের শিক্ষা শিবিরে অংশগ্রহণ
সাংবাদিকদের ব্রিফিংয়ের আগে শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মিয়া গোলাম পরওয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজাসহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা।