-6abe8c96c72fd.webp)
রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করার অধিকার কারও নেই উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী শান্তির শহর হিসেবে পরিচিত। এখানকার মানুষ সাধারণত পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করেন। কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে উসকানির মাধ্যমে রেলস্টেশনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। যারা এ কাজ করেছে, তারা সঠিক কাজ করেনি। সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই।
তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই আইনি ব্যবস্থা
মিজানুর রহমান মিনু জানান, স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, যারা অকারণে পরিস্থিতি উত্তপ্ত করে স্টেশনের সরকারি সম্পদে হামলা ও ভাঙচুর চালিয়ে ক্ষতি করেছে, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হবে। এরপর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় মন্ত্রী স্টেশনের সার্বিক কার্যক্রম ও যাত্রীসেবার পরিস্থিতি ঘুরে দেখেন। পাশাপাশি ভাঙচুরের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, অপেক্ষাকক্ষ ও যাত্রী লাউঞ্জ পরিদর্শন করেন।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীকে মারধরের জেরে স্টেশনে হামলা
গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হামলায় স্টেশনের বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে বরখাস্ত করেছে। অন্যদিকে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে রেল কর্তৃপক্ষ।
হামলার সময় ভূমিমন্ত্রী রাজশাহীতে ছিলেন না। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছে তিনি সরাসরি রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান।