
গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকার একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় আগুনে সৃষ্ট ঘন ধোঁয়ায় ভেতরে আটকে পড়ে অসুস্থ হয়ে পড়া অন্তত ৬৯ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, সাততলা ভবনের ওই কারখানাটির তিনতলায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বিষাক্ত ধোঁয়ায় ভবনটি আচ্ছন্ন হয়ে পড়লে ভেতরে শ্রমিকরা আটকা পড়েন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ধোঁয়ায় অসুস্থ অবস্থায় ৬৯ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশে পুকুর বা অন্য কোনো পানির উৎস ছিল না। পাশাপাশি কারখানাটির নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের চরম বেগ পেতে হয়।
অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে তিনি বিস্তারিত জানিয়ে বলেন, দুপুর পৌনে ৩টার দিকে খবর পাওয়ার পর প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ১টি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৯টি ইউনিট একযোগে অভিযানে যোগ দিয়ে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।