-6ac484e9a3e20.webp)
খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালী হত্যার রেশ কাটতে না কাটতেই এবার গুলিতে প্রাণ গেল তার বাবা আক্তার ঢালীর (৬০)। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
গত ১৫ আগস্ট রাতে জয় ঢালীকে হত্যার এক মাস ২০ দিনের মাথায় একই পরিবারের আরেক সদস্য খুন হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরপর দুই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগও তৈরি হয়েছে।
বাড়ির সামনে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়সংলগ্ন বাড়ির সামনে ছিলেন আক্তার ঢালী। এ সময় সশস্ত্র একদল দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। তবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আক্তার ঢালীকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে রূপসা থানা পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
১৫ আগস্ট কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় জয়কে
এর আগে গত ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) দুর্জনীমহল শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। একদল যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ কয়েকজনকে পরে গ্রেফতার করে পুলিশ।
ছেলে হত্যার দেড় মাসের মধ্যে বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। একই পরিবারের পরপর দুই সদস্য হত্যার ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আক্তার ঢালীর মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পূর্বশত্রুতা কিংবা ছেলে জয় ঢালী হত্যার মামলার জের ধরে আক্তার ঢালীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।