
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ইটভাটার দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন দক্ষিণ চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ উৎপল এবং ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।
দেয়ালের সঙ্গে ধসে পড়ে ইটের সারি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই ওই ইটভাটায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ একটি দেয়াল ভেঙে পড়ে। দেয়ালের ওপর সাজিয়ে রাখা ইটও ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে নিচে থাকা চার শ্রমিক চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা চার শ্রমিককে উদ্ধার করেন। তবে তাঁদের মধ্যে উৎপল ও গোলাপ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত অপর দুই শ্রমিককে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।