
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান শেষে ফেরার পথে বিজিবির টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে চালানো গুলিতে নোমান আলী (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটক করা পণ্য নিয়ে ফেরার পথে হামলা
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে কিছু পণ্য জব্দ করে টহলদল। সেসব পণ্য নিয়ে ফেরার সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়।
প্রথমে হামলাকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। কিন্তু হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার জন্য গুলি চালান বিজিবি সদস্যরা। এতে নোমান আলী গুলিবিদ্ধ হন।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
গুলিবিদ্ধ নোমান আলীকে দ্রুত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নোমান উপজেলার বেতপুরী গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
সংঘর্ষে এক বিজিবি সদস্য আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে তাঁর পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান বন্ধ এবং নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।