
রংপুর নগরীর একটি আবাসিক হোটেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের ওমর আলী এবং দিনাজপুরের বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলে অভিযান চালায় রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। হোটেলের একটি কক্ষে তল্লাশি করে খাটের নিচে ডার্বি সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপারও জব্দ করা হয়।
অভিযানের পর দুই পুলিশ সদস্যকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, শুক্রবার দুই আসামিকে রংপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, ওমর আলী এর আগেও চাকরিরত অবস্থায় মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অপর আসামি মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত।
মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।