
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে ১৩০৫ নম্বর কোল ফেইসে কাজ করার সময় মি সিং সিয়াওজুন (৪৩) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি খনির ভেন্টিলেটর সাইডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ভূগর্ভের ১৩০৫ নম্বর কোল ফেইস থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খনিশ্রমিকদের সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টায় রাতের শিফটে কয়লা উত্তোলনের কাজে ১৩০৫ নম্বর কোল ফেইসে নামেন সিং সিয়াওজুন। কাজের একপর্যায়ে রাত ৩টার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মঙ্গলবার সকালে ভূগর্ভের ওই স্থান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চীনা শ্রমিকের মৃত্যুর সঠিক কারণ খনি কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। তবে খনিশ্রমিকদের ধারণা, ভূগর্ভে অক্সিজেনের স্বল্পতায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) খান মো. জাফর সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে সিং সিয়াওজুন দুই স্থানীয় সহকর্মীকে নিয়ে ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে যান। পরে স্থানীয় শ্রমিক দুজনকে অন্য স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে তিনি ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পাশে গ্যাস পরীক্ষা করতে যান। এরপর সহকর্মীরা তাঁকে নির্ধারিত স্থানে না পেয়ে ভূপৃষ্ঠের কন্ট্রোল রুমে বিষয়টি জানান।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৭টায় শিফটের দায়িত্ব শেষ হওয়ার পর অন্য শ্রমিকেরা ফিরে এলেও সিং সিয়াওজুন না ফেরায় সহকর্মীরা কন্ট্রোল রুমে খবর দেন। পরে উদ্ধারকারী দল খোঁজাখুঁজি করে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশে তাঁকে অচেতন অবস্থায় পায়। সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ বিষয়ে চীনে অবস্থিত নিজ দপ্তর এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে কনসোর্টিয়াম। চীনা কনসোর্টিয়াম তাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা করবে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হবে।