
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থলে এখন পর্যন্ত পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান বৃহস্পতিবার সকালে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে বাড়িতে থাকা দুটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।
ওসি রহমান বলেন, রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে নুসরাত তাবাসসুম তাঁকে ফোন করে বাড়িতে আগুন লাগার খবর জানান।
খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে অবস্থান করেছে বলেও জানান তিনি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
পেট্রোল বোমা হামলার অভিযোগ নুসরাতের
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তিনি লেখেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
পোস্টে তিনি আরও বলেন, "এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।"
এরপর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, "এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী স/ন্ত্রাসীরা।"
তবে পেট্রোল বোমা হামলার অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য ভিন্ন। দৌলতপুর থানার ওসি মোহাম্মদ খালেদুর রহমান জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি বলেন, "তবে, আমরা অনুসন্ধান করছি যে যদি এটা বোমা হয়, তাহলে এখানে কারা জড়িত আছে। এটা তো মূলত ফায়ার সার্ভিসই বলে যে কীভাবে আগুন লেগেছে। তারা এখন পর্যন্ত কোনো মতামত দেয় নাই।"
ওসি আরও জানান, পল্লী বিদ্যুতের কর্মীরাও ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। আগুন শর্ট সার্কিট থেকে লেগেছে, নাকি অন্য কোনো কারণে—তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পল্লী বিদ্যুতের পক্ষ থেকেও এখনো কোনো ফলাফল জানানো হয়নি।
পেট্রোল বোমা নিক্ষেপের প্রমাণ হিসেবে কী ধরনের আলামত পাওয়া যেতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "পেট্রোল বোমার ক্ষেত্রে গ্লাস বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়। এক্ষেত্রে এগুলোর কোনোকিছু পাওয়া যায়নি। এ নিয়ে আরও অনুসন্ধান চলতেছে।"
আগুনে পুড়েছে দুটি ছাগল, উদ্ধার অন্য গবাদিপশু
দক্ষিণাঞ্চলীয় জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান মধ্যপাড়া এলাকায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি অবস্থিত।
ওসি মোহাম্মদ খালেদুর রহমান জানান, যে বাড়িটিতে আগুন লেগেছে, সেটি নুসরাতের দাদার তৈরি পুরোনো বাড়ি। সেখানে কেউ বসবাস করেন না। বাড়িটি মূলত গোডাউন হিসেবে ব্যবহার করা হয়।
তবে নুসরাত তাবাসসুমের দাবি, ওই বাড়িতে সাতজন মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে একাধিক বয়স্ক ব্যক্তিও রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িটিতে প্রায় আটটি কক্ষ রয়েছে। সেখানে মূলত হাঁস, মুরগি, গরু ও ছাগল রাখা হতো। ঘরগুলোতে পুরোনো আসবাবপত্র, গবাদিপশু এবং পশুখাদ্য সংরক্ষণ করা ছিল।
খড়কুটাসহ বিভিন্ন দাহ্য পদার্থ বাড়িতে থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
ওই বাড়ি থেকে কিছুটা দূরেই সংসদ সদস্য নুসরাতের পরিবারের তিনতলা একটি বাড়ি রয়েছে। সেখানে তাঁর মা-বাবা বসবাস করেন।
ওসি রহমান জানান, নতুন ওই বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা থাকলেও পুরোনো বাড়িটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে দুটি ছাগল মারা গেছে। তবে অন্য গবাদিপশুগুলোকে নিরাপদে বের করে আনা হয়েছে। বাড়ির তত্ত্বাবধায়কও নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।
কোটা সংস্কার আন্দোলন থেকে সংসদ সদস্য নুসরাত
২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন নুসরাত তাবাসসুম। সে সময় আন্দোলনের আরও কয়েকজন সমন্বয়কের সঙ্গে তাঁকেও ডিবি পুলিশ হেফাজতে নিয়ে কার্যালয়ে আটক রাখা হয়েছিল।
পরবর্তী সময়ে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এবং জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।
চলতি বছর জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন নুসরাত তাবাসসুম।