
রংপুরের তারাগঞ্জে এক যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাসের স্টাফদের বিরুদ্ধে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা এবং একই এলাকার বাসিন্দা।
বাসে থাকা একই এলাকার প্রত্যক্ষদর্শী যাত্রী আতিক বসুনিয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তাঁর কাছে নগদ টাকা ছিল। বাসের স্টাফরা অন্য সব যাত্রীকে নামিয়ে দিলেও তাঁকে নামতে দেয়নি। একপর্যায়ে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ ঘটনা দেখে মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকেই লাথি মেরে তাঁদের দুজনকে রাস্তায় ফেলে দেওয়া হয়।
আতিক বসুনিয়া আরও বলেন, এরপর তিনি চিৎকার শুরু করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা ঘটনাটি দেখতে পান। তাঁরা সামনে চিকলী এলাকায় গিয়ে বাসটির পথ আটকে দেন। পরে স্থানীয় লোকজন এসে বাসটি আটক করেন। তা না হলে বাসের স্টাফরা তাঁকেও মেরে ফেলত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে নগদ তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে স্টাফরা আতিককে জিম্মি করেন। এ সময় মুকুল ও শাকিব এর প্রতিবাদ করে তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে তাঁদের নিচে ফেলে দেওয়া হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় ঘাতক বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।