
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের পিছিয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ'র আদালত বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই নির্দেশ দেন।
আদালতের সূত্রে জানা গেছে, এদিন মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা সিআইডি’র সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে পারেননি। আদালত নতুন তারিখ ২৬ ফেব্রুয়ারি ধার্য করেন।
এর আগে, গত ১৫ জানুয়ারি ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রের ওপর নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করায় আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।
হাদির হত্যাকাণ্ড ঘটেছিল গত ১২ ডিসেম্বর। মতিঝিলে নির্বাচনি প্রচারণা শেষ করে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
ডিবি পুলিশের আগের অভিযোগপত্রে ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছিল। প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ ৫ জন এখনও পলাতক। তদন্ত কর্মকর্তাদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব তৈরি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়েছে।