
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে আবারও সময় বাড়ল। অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুন করে আগামী ১১ মার্চ দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নির্ধারিত দিনে প্রতিবেদন উপস্থাপন করতে পারেনি। এ প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ ঠিক করেন। এর আগেও একাধিকবার এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে।
গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে সন্ত্রাসীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে ১২০(বি) ৩২৬ ৩০৭ ১০৯ ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গুলিবিদ্ধ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ২০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করার নির্দেশ দেন।
এর আগে ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। তবে ওই চার্জশিটে অসন্তোষ জানিয়ে ১৫ জানুয়ারি মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। ডিবির দাখিল করা চার্জশিটে ১৭ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং ছয়জন পলাতক।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার সহযোগী আলমগীর হোসেন, রাজধানীর মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্মাল পিলিপস, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার।
অন্যদিকে কারাগারে থাকা আসামিদের মধ্যে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু রয়েছেন।