
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সাবেক মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন তার স্বামী তৌফিক নেওয়াজ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের হাজতখানায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, স্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তৌফিক নেওয়াজ তার আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে অনুমতি চান। পরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আবেদন মঞ্জুর করে।
অনুমতি পাওয়ার পর প্রধান ফটক দিয়ে হুইলচেয়ারে করে তাকে হাজতখানায় নেওয়া হয়। সেখানে অল্প সময়ের জন্য তিনি দীপু মনির সঙ্গে কথা বলেন এবং সাক্ষাৎ শেষে তাকে আবার বের করে আনা হয়।
এর আগে একই দিন সকালে এই মামলায় দীপু মনিসহ মোট ৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।