
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে আদালতের এজলাসের ভেতরে ও বাইরে কয়েক দফায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কি হয়।
এর আগে এক দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হলে সেখানে অবস্থানকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়।
উত্তেজনা বাড়তে থাকলে বিচারক এজলাস ত্যাগ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও আখতারুজ্জামানের জামিন শুনানি শুরু হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে এবং রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে নিজেদের বক্তব্য তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন।
পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।