
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাভোগ করতে হবে তাঁকে। এ ছাড়া তাঁর নামে থাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।
পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচনায় আসা আবেদ আলীর ছেলে সিয়ামকে রায় ঘোষণার আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা জারির মাধ্যমে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী দেলোয়ার জাহান রুমি জানান, আসামির বয়স বিবেচনায় নিয়ে আদালত সাজা নির্ধারণ করেছেন।
অভিযোগ থেকে রায় পর্যন্ত
গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায় ঘোষণার জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলার ১১ জন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
চলতি বছরের ১৭ জুন সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন একই আদালত।
৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন ২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে তিনি ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।
একই বছরের ৩০ ডিসেম্বর তদন্ত শেষ করে সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচনায় আসেন সৈয়দ আবেদ আলী জীবন। তিনি সংস্থাটির সাবেক গাড়িচালক ছিলেন। তাঁর ছেলে সিয়ামকে ২০২৫ সালের ২০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আটক ছিলেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার আদালত সিয়ামের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।