
ভবিষ্যতে ব্যাংক খাতের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাগত দক্ষতা নিশ্চিত করতে হবে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, “ভবিষ্যতে রাজনৈতিক ও প্রশাসনিক বাধার মুখোমুখি হতে হবে, সেগুলো সমঝোতার মাধ্যমে সামলাতে হবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নৈতিকতা নিশ্চিত করা অত্যাবশ্যক।”
জানা গেছে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে প্রায় ২ কোটি গ্রাহকের ১ লাখ ৭৯ হাজার ৮৭৮ কোটি টাকা আমানত রয়েছে। ব্যাংকের মোট ঋণ ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা। বর্তমানে খেলাপি ঋণ ১৫.৩৪ শতাংশ, তবে আগামী বছর তা এক অঙ্কের ঘরে নামানো হবে বলে সম্মেলনে জানানো হয়।