
বাংলাদেশ পাকিস্তান থেকে কম খরচে ট্রেনের বগি ও মালবাহী ওয়াগন কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরে অবস্থিত পাকিস্তান রেলওয়ের মুঘলপুরা কারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগনসহ অন্যান্য সরঞ্জাম তৈরির প্রক্রিয়া সরাসরি দেখেছেন।
পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।
ওয়ার্কশপের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি পুরো কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং চলমান প্রজেক্ট সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধি দলকে অবহিত করেন। এছাড়া সেখানে তৈরি একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র তাদের দেখানো হয়।
পরবর্তীতে প্রতিনিধিদের মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অবগত হন।
বাংলাদেশের প্রতিনিধিরা জানিয়েছেন, এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রেল খাতের সহযোগিতাকে আরও দৃঢ় করেছে।
পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। কর্মকর্তা মুহাম্মদ নাসির খালিলি জানিয়েছেন, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দলও পাকিস্তান সফর করবেন এবং প্রযুক্তিগত বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন।
তিনি দ্য ডনকে বলেন, “বাংলাদেশ ওয়াগন ও বগি কেনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় রয়েছে, তবে এই প্রক্রিয়ায় তারা পাকিস্তানের প্রতি আগ্রহ দেখিয়েছে।”
পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুই দেশের রেলওয়ের মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন এবং জানিয়েছেন, এতে উভয় দেশের জন্যই লাভজনক ফলাফল আসবে।