
দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর বাজার মূলধন একদিনের ব্যবধানে বেড়েছে প্রায় দুই লাখ কোটি টাকা। তবে এই বৃদ্ধির পেছনে শেয়ারমূল্যের অস্বাভাবিক উল্লম্ফন নয়, বরং ওয়েবসাইট আপডেটজনিত কারিগরি পরিবর্তনই মূল কারণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি তাদের ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে। আপডেটের আগে গভর্নমেন্ট সিকিউরিটিজ (জি-সিকিউরিটি) বাজার মূলধনের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। নতুন আপডেটে এসব সিকিউরিটিজ যুক্ত করায় বাজার মূলধনের পরিমাণ এক লাফে বেড়ে যায়।
এ বিষয়ে সিএসই’র জনসংযোগ কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, “ওয়েবসাইট আপডেটের আগে গভর্নমেন্ট সিকিউরিটিজ বাজার মূলধনের সঙ্গে যুক্ত ছিল না। আপডেটের পর তা অন্তর্ভুক্ত করায় বাজার মূলধন বেড়েছে।”
তথ্য অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে লেনদেন শেষে সিএসই’র বাজার মূলধন ছিল ৭ লাখ ১৯ হাজার ৩৬৩ কোটি ১৩ লাখ টাকা। ওয়েবসাইট আপডেটের পর ২৪ ফেব্রুয়ারি তা বেড়ে দাঁড়ায় ৯ লাখ ১৫ হাজার ৪২৯ কোটি ৫২ লাখ টাকায়। অর্থাৎ একদিনে বাজার মূলধন বেড়েছে ১ লাখ ৯১ হাজার ৬৪২ কোটি ২০ লাখ টাকা।
বর্তমানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২২৯টি গভর্নমেন্ট সিকিউরিটিজ তালিকাভুক্ত রয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) লেনদেন শেষে সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স অবস্থান করে ৯ হাজার ৫৯৪ দশমিক ৮৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ছিল ১৫ হাজার ৬০৬ দশমিক ৮৬ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক দাঁড়ায় ৯৩৪ দশমিক ২৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক অবস্থান করে ১৪ হাজার ২০৬ দশমিক ০৬ পয়েন্টে।
বিশ্লেষকরা বলছেন, এই বৃদ্ধি বাজারের প্রকৃত মূলধন সম্প্রসারণের প্রতিফলন নয়; বরং হিসাব পদ্ধতির পরিবর্তনের ফল। তাই বিনিয়োগকারীদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।