
আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংককে যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে দিবসটি উদযাপনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এই সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-এর নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালনের উদ্যোগ নিতে হবে।
এ বছর দিবসটির জন্য সরকার নির্ধারিত প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ও প্রচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে তাদের সব আয়োজনেই এ প্রতিপাদ্য স্পষ্টভাবে তুলে ধরতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী তাদের নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করেই এই নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ব্যাংকিং খাতে আন্তর্জাতিক নারী দিবস যথাযথভাবে উদযাপিত হয়।
সার্কুলারে আরও বলা হয়েছে, জাতীয় পর্যায়ের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিতে হবে এবং উদযাপন কার্যক্রমে নির্ধারিত প্রতিপাদ্যটি সুস্পষ্টভাবে প্রতিফলিত করতে হবে।