
বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথিতে এখন থেকে বাধ্যতামূলকভাবে কিউআর কোড সংযুক্ত করতে হবে। এসব নথি দ্রুত ও সহজে যাচাইয়ের লক্ষ্যে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন দেশের দূতাবাস ও ভিসা সেন্টারে ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের ব্যাংক নথি জমা দিতে হয়। তবে তাৎক্ষণিকভাবে এসব নথি যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। এতে ভিসা প্রক্রিয়ায় সময় ও প্রশাসনিক ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক স্টেটমেন্টসহ সংশ্লিষ্ট নথি ডিজিটালভাবে যাচাইয়ের ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কিউআর কোড স্ক্যান করলে অ্যাকাউন্ট নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টের শুরুর ও শেষের স্থিতি এবং নথি তৈরির তারিখ দেখা যাবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এসব তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণযোগ্য ও যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে। পাশাপাশি সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার বিদ্যমান নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সার্কুলারে বলা হয়, নির্দেশনা বাস্তবায়নে ব্যাংকগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।