দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৪.৭৬ বিলিয়ন ডলার।
সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।
একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে ২৩ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৫৬৯ দশমিক ৩৮ মিলিয়ন ডলার। ওই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৯১২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক আয়ের স্থিতিশীলতা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।