
নিয়োগের পর প্রথমবারের মতো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) উপস্থিত হয়েছেন সংস্থার নতুন চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে দায়িত্ব গ্রহণ করতে কমিশনে এসেছেন সদ্য নিয়োগ পাওয়া তিন কমিশনারও। তাদের আগমনে নিয়ন্ত্রক সংস্থাটিতে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের কার্যক্রম শুরু হলো।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে পৌঁছান নতুন চেয়ারম্যান মাসুদ খান। এ সময় সংস্থার কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
এর আগে একই দিনে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ইউনিলিভার কনজিউমার কেয়ার-এর চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্ট পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ খান। পাশাপাশি কমিশনার হিসেবে নিয়োগ পান নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিক।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, নতুন চেয়ারম্যান ও কমিশনাররা প্রত্যেকে চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।