
আগামী ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৪.৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ জুন সংস্করণে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হতে পারে, যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে একই প্রতিবেদনে চলতি অর্থবছরের পূর্বাভাস আগের তুলনায় কমিয়ে ৩ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাব অর্থনৈতিক কর্মকাণ্ডে পড়ছে। এর ফলে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ও নেপালে অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা দুর্বল থাকায় বেসরকারি খাতের কার্যক্রম ধীর গতিতে চলছে। পাশাপাশি আর্থিক খাত এখনো দুর্বল অবস্থায় রয়েছে, ঋণ প্রবৃদ্ধি মন্থর এবং সম্পদের গুণগত মানে অবনতি ঘটছে।
বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে মূল্যস্ফীতি নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে বা তার নিচে থাকলেও বাংলাদেশে কঠোর মুদ্রানীতি গ্রহণ করা হলেও মূল্যস্ফীতি এখনো উচ্চপর্যায়ে রয়েছে।