
দেশে সারের কোনো সংকট নেই দাবি করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তা ‘প্লান ওয়াইজ’ বা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে গত বছরের তুলনায় দেশে বেশি সার মজুত রয়েছে। অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গাও নেই। তাই সারের কোনো সমস্যা নেই।
সরকার সার নিয়ে নতুন একটি নীতিমালা করেছে উল্লেখ করে তিনি বলেন, এতে যারা বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন, তারাই বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন। তবে বিষয়টি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যেহেতু সরকারের কাছে পর্যাপ্ত সার রয়েছে, তাই ষড়যন্ত্র নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
যারা সার নিয়ে বিশৃঙ্খলা করছেন, তাদের উদ্দেশে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘এগুলো ভালো না, এগুলো করবেন না।’
কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণসুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত এবং মানসম্মতভাবে রপ্তানি করা সম্ভব হবে।