
জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আব্দুর রহমান পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জনতা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক পিএলসিতে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির (বিআরসি) মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং রূপালী ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে স্থানীয় কার্যালয়, রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ) অঞ্চলের বিভাগীয় প্রধান, জোনাল হেডসহ বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে সততা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
কাজী আব্দুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), বাংলাদেশ ব্যাংকসহ দেশে ও বিদেশে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
কাজী আব্দুর রহমান বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।