ভোক্তাদের জন্য আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ অক্টোবর) নতুন দাম ঘোষণা করে বিইআরসি।
নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে সেপ্টেম্বর মাসে একই পরিমাণ এলপিজির দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৫৯৮ টাকা। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সিলিন্ডারপ্রতি দাম এক লাফে ২৫২ টাকা বেড়েছে।