
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় লটারিতে নির্বাচিত ১ হাজার ৪৭২ জন নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় ভিডব্লিউবি কার্যক্রমের প্রভাব মূল্যায়নের জন্য পরিচালিত প্রাথমিক ও চূড়ান্ত জরিপের অংশ হিসেবে এসব নারীকে অনুদানের জন্য নির্বাচন করা হয়েছে।
অনুদান দেওয়ার আগে নির্বাচিত নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বিকাশ নম্বরের তথ্য সঠিক কি না, তা যাচাই করা হবে। এ যাচাই কার্যক্রমের অনুমোদন দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৭২ উপজেলায় লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন
মন্ত্রণালয়ের মহিলা ও শিশু বিষয়ক-২ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত গত ৩০ সেপ্টেম্বরের একটি চিঠিতে এনআইডি ও বিকাশ নম্বর যাচাইয়ের অনুমোদনের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ডব্লিউএফপির মাধ্যমে লটারির ভিত্তিতে ২৪ জেলার ৭২টি উপজেলা থেকে ১ হাজার ৪৭২ জন ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন করা হয়েছে। প্রত্যেককে ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য এককালীন ২০ হাজার টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নির্বাচিত নারীদের পরিচয় ও অর্থ গ্রহণের তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে এনআইডি ও বিকাশ নম্বর যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর অনুদানের অর্থ দেওয়ার পরবর্তী কার্যক্রম শুরু হবে।
মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি শাখা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
যাচাই শেষে অর্থ দেওয়ার প্রক্রিয়া
এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভিডব্লিউবি) রেবেকা সুলতানা স্বাক্ষরিত ৫ অক্টোবরের একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
চিঠিটি কার্যক্রম অনুবিভাগের অতিরিক্ত সচিব, কার্যক্রম অধিশাখার যুগ্মসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মবিঅ-২ শাখার উপসচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডব্লিউএফপির ঢাকা কার্যালয়ের প্রোগ্রাম পলিসি অফিসারকেও বিষয়টি জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নির্বাচিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্দেশ্যেই এ অনুদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এককালীন ২০ হাজার টাকার এই অর্থ ছোট ব্যবসা কিংবা অন্য কোনো আয়মূলক কাজে বিনিয়োগের মাধ্যমে উপকারভোগীদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।