
দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ (UDYOG)’ নামের এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে রোববার (১ নভেম্বর) থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।
এই কর্মসূচিতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবেন। অর্থাৎ ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তার জন্য সর্বোচ্চ ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। দুই ধরনের অর্থই এককালীন দেওয়া হবে।
দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজনীয় অর্থায়ন ও সহায়তা দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর প্রকল্পটির নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রথম পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। বর্তমানে এসব আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ শেষে রোববার থেকে দেশের বাকি ৫৬ জেলার সব উপজেলার তরুণ উদ্যোক্তাদের জন্য আবেদন কার্যক্রম চালু করা হয়েছে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ জন্য নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে। সেখান থেকে ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ শেষে নির্ধারিত ব্যাংক শাখায় জমা দিতে হবে।