
আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষামন্ত্রী আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। এছাড়া বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা সভায় অংশ নেন।
সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীন আটটি জেলায় ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।