
শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংশোধিত নীতিমালায় সাতটি নির্দিষ্ট শর্ত যুক্ত করা হয়েছে। এসব শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষক বদলির জন্য আবেদন করতে বা আবেদন বিবেচনার সুযোগ পাবেন না।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
বদলির আবেদনে ৭ শর্ত
১. একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
২. ‘নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকা যাবে না। নিজ জেলায় তিনটি বা তার বেশি শূন্য পদ থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।
৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে শিক্ষকের বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
৪. ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হওয়া যাবে না।
৫. ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে শিক্ষকের বর্তমান কর্মস্থল ও স্বামী/স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
৬. বদলির আবেদন করার আগে বর্তমান কর্মস্থলে চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না।
৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন না।
নীতিমালায় বলা হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করা যাবে না। তাই আবেদন করার আগে শিক্ষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বদলির আবেদন কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন জমা দেওয়ার আগে সংশ্লিষ্ট শিক্ষককে নিজের তথ্য ও নির্ধারিত যোগ্যতা সঠিকভাবে যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।