
শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার সমাধান সরকারই করবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তাঁর সঙ্গে একমত। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো তাঁর কাছে উপস্থাপন করব। তবে ক্লাস বাদ দিয়ে শিক্ষকদের রাজপথে না আসার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যাগুলো সরকারই সমাধান করবে। এসব সমস্যা নিরসনে কাজ চলছে। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা পিছিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ সময়ে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে।
তিনি আরও বলেন, ওই সময়ে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলেও শিক্ষার মানোন্নয়নে সুষম পরিকল্পনা ও বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে, অথচ সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।
শিক্ষামন্ত্রীর ভাষ্য, বর্তমান সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ থাকতে চায় না। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এভিয়েশন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এ খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আগামী দিনের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।