
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত সম্প্রতি প্রকাশিত নথিতে বলিউডের চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা যায়, এপস্টেইনকে পাঠানো একাধিক ই–মেইলে তার নাম এসেছে।
গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তিন মিলিয়নের বেশি নথি প্রকাশ করে। বিশ্লেষণে দেখা গেছে, কয়েকটি ই–মেইল আদান–প্রদানে অনুরাগ কাশ্যপের নাম ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ রয়েছে। এই ই–মেইলগুলো তিন ব্যক্তির মধ্যে বিনিময় করা হয়েছিল, যেখানে জেফরি এপস্টেইনও আলোচনায় ছিলেন।
নথিতে এপস্টেইনের কিউবা সফরের সম্ভাব্য পরিকল্পনা উল্লেখ ছিল। সেই সফরে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার জন্য সম্ভাব্য অতিথি ও মূল বক্তাদের একটি তালিকায় অনুরাগ কাশ্যপের নাম দেখা গেছে। তবে নথিতে কাশ্যপের নাম থাকলেও তিনি প্রকৃতপক্ষে ওই কর্মশালা বা সফরে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হয়নি।
এপস্টেইন ও অনুরাগ কাশ্যপ একই সময়ে একই স্থানে ছিলেন—এমন কোনো প্রমাণও এখন পর্যন্ত প্রকাশ পায়নি। অনুরাগ কাশ্যপ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
এর আগে এপস্টেইন–সংক্রান্ত নথিতে ভারতীয় পরিচালক মীরা নায়ারের নামও উঠে এসেছে। আন্তর্জাতিক তারকাদের মধ্যে নথিতে দেখা গেছে—মাইকেল জ্যাকসন, ডায়ানা রস, ক্রিস ট্যাকার ও মিক জ্যাগারের নাম। বিশেষজ্ঞরা মনে করেন, নথিতে নাম থাকা মানেই কারও বিরুদ্ধে সরাসরি অভিযোগ বা দোষ প্রমাণিত হচ্ছে না।
সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস