
আর্থিক প্রতারণার মামলায় ভারতের কারাগারে বন্দী সুকেশ চন্দ্রশেখর এবারও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে মন জয় করতে পিছপা হননি। এবারের বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তিনি জ্যাকুলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার পাঠিয়েছেন, সঙ্গে সংযুক্ত করেছেন আবেগঘন চিঠিও।
কারাগার থেকে পাঠানো চিঠিতে সুকেশ জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করেছেন এবং তার একাকিত্বের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, দীর্ঘদিন জ্যাকুলিনকে না দেখার কারণে তার অবস্থা মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো। ভালোবাসা দিবসের এই উপহারের হেলিকপ্টারে জ্যাকুলিনের নামের আদ্যক্ষর খোদাই করা আছে।
সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকুলিন যাতে সহজে যাতায়াত করতে পারেন, সেই কারণে বিশেষভাবে সাজানো এই হেলিকপ্টারটি তিনি কিনেছেন। চিঠিতে আরও উল্লেখ করেছেন, এটি তার নিজের ‘কষ্টার্জিত’ অর্থে কেনা, কোনো অপরাধমূলক টাকার ব্যবহার হয়নি।
আইনি জটিলতার কারণে জ্যাকুলিনকে যে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, তার জন্য সুকেশ চিঠিতে ক্ষমা চেয়েছেন। তিনি লিখেছেন, “দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে এসব সহ্য করতে হচ্ছে, যা তোমার প্রাপ্য ছিল না।”
চিঠিতে সুকেশ দৃঢ়ভাবে উল্লেখ করেছেন, জ্যাকুলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।
এটি নতুন ঘটনা নয়। গত বছরের ভালোবাসা দিবসেও তিনি জেল থেকে জ্যাকুলিনকে একটি প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই জেটের নম্বর ছিল অভিনেত্রীর জন্ম তারিখ অনুযায়ী এবং গায়ে নামের আদ্যক্ষর খোদাই করা ছিল। সেই সময়ও জেল থেকে দীর্ঘ প্রেমপত্র পাঠিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন সুকেশ।
উল্লেখ্য, প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দী সুকেশ চন্দ্রশেখর। জ্যাকুলিন ফার্নান্দেজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক বারবার অস্বীকার করলেও, সুকেশ নিয়মিত জেল থেকে চিঠি ও দামি উপহার পাঠিয়ে সাড়া ফেলতে থাকেন।