
টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। তার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো বাংলা বিনোদন অঙ্গন।
জানা গেছে, রোববার পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামার পর হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
পরে তাকে দ্রুত দিঘা হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
ধারাবাহিকটির সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে অনেকেই বিরতিতে থাকলেও রাহুল আরও কিছু দৃশ্য ধারণের কথা বলে সমুদ্রে যান। হঠাৎ এই মর্মান্তিক ঘটনা ঘটে।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করা রাহুল ছোট ও বড়—দুই পর্দাতেই সমান জনপ্রিয় ছিলেন। প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। বড়পর্দায় তার অভিষেক ঘটে চিরদিন তুমি যে আমার সিনেমার মাধ্যমে, যা মুক্তির পর ব্যাপক সাফল্য পায়।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’।
ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ।
সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্টও শুরু করেছিলেন তিনি, যা শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল।
এই অকাল প্রয়াণে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলা চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।