ভৌগোলিক দূরত্ব থাকলেও ভালোবাসার আবেগে কোনো ভাটা পড়েনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দম্পতি ওমর সানী ও মৌসুমীর সম্পর্কে। একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন দেশে থাকলেও সম্পর্কের উষ্ণতা যেন আরও স্পষ্ট হয়ে উঠল জন্মদিনের এক ভিডিও বার্তায়।
ওমর সানীর ৫৫তম জন্মদিনে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনার ঝড়। ভিডিওতে মৌসুমীকে কেক সামনে রেখে হাসিমুখে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা যায়।
বার্তায় আবেগঘন কণ্ঠে মৌসুমী বলেন, ‘শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে সব সময় থাকো।’
শুধু শুভেচ্ছাই নয়, আরও আবেগ মিশিয়ে তিনি বলেন, ‘বারবার তোমাকে আমরা এভাবেই পাশে চাই। সব সময়ের জন্য।’ পাশাপাশি ওমর সানীর প্রয়াত মায়ের কথাও স্মরণ করে জন্মদিনের দিনে তার প্রতি শ্রদ্ধা জানান মৌসুমী।
ভিডিওর শেষ দিকে তিনি ভালোবাসার কথা জানিয়ে বলেন, ‘লাভ ইউ, সানী।’
স্ত্রীর এই ভিডিও বার্তা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ওমর সানী। ক্যাপশনে তিনি লেখেন, ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী তোমার জন্য দোয়া।’
নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী ঢালিউডে দীর্ঘ সময় ধরে কাজ করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তার অভিনীত বহু সিনেমা তখনকার সময়ের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।