
ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহারের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গাভির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদন পেলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ৫ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চলতি বছর ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে। সব জেলা সদর ও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত কিট, তরল স্যালাইনসহ সব ধরনের ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে কোনো ধরনের সংকট নেই।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।’