.jpg)
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২১৭ শিশুর মধ্যে। এ ছাড়া ৪২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ২৫৯।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ১৯৯। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৯৬৭।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৬১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।
একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে ৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।