
ইরানে শুরু হওয়া আকস্মিক সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই হামলায় নিহত হয়েছেন তাঁর কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি। ঘটনাটি ঘিরে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানজুড়ে অতর্কিত হামলা চালাতে শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
হামলা শুরুর পর থেকেই গুঞ্জন ওঠে যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। রোববার ইরানের বিভিন্ন গণমাধ্যম খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, হামলায় খামেনির কন্যা, জামাতা ও নাতি নিহত হয়েছেন। পরে ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, ওই হামলায় খামেনির একজন পুত্রবধূও প্রাণ হারিয়েছেন।
এদিকে বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউজ গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন।
খামেনির মৃত্যুর ঘটনায় ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।