
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সামরিক পদক্ষেপের ফলে এখন কূটনৈতিক সমাধানে পৌঁছানো আগের চেয়ে সহজ হয়েছে এবং ইরানের প্রতিক্রিয়াও প্রত্যাশার তুলনায় সীমিত ছিল।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র দুই দফা হামলা চালায়। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক বিশ্লেষকের মতে, এই পদক্ষেপ ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থানকে প্রশ্নের মুখে ফেলতে পারে।
তবে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার বিশ্বাস এখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে আগের তুলনায় শক্ত অবস্থানে রয়েছে। তিনি বলেন, ‘স্পষ্টতই এখন পরিস্থিতি একদিন আগের চেয়ে অনেক সহজ, কারণ তারা (ইরান) কঠোরভাবে চাপে রয়েছে।’
মার্কিন হামলার জবাবে ইরানের পদক্ষেপ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা এখন পর্যন্ত ‘আমাদের ধারণার চেয়ে কম’ হয়েছে। তার ভাষায়, ‘আমরা ভেবেছিলাম এটা দ্বিগুণ হবে।’
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটিতে অন্তর্বর্তী নেতৃত্ব ব্যবস্থা কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অস্থায়ী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অন্তর্বর্তী পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং নেতৃত্ব পরিষদ গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম অন্তর্ভুক্ত রয়েছেন।
ইরানের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ নেতার মৃত্যু বা দায়িত্ব পালনে অক্ষমতার ক্ষেত্রে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করাই অন্তর্বর্তী পরিষদের প্রধান দায়িত্ব।
বিশ্লেষকদের মতে, এই অন্তর্বর্তী কাঠামো ইরানে ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ও সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।