
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার সংঘাতে কুয়েতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে আহত এক কিশোরীর মৃত্যু হয়েছে। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।
বুধবার (৪ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আবদুল্লাহ আল-সুন্দ এক বিবৃতিতে বলেন, রাজধানী গভর্নরেটের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল পড়ে এক মেয়ে আহত হয়েছিল। তাকে বাঁচানোর চেষ্টা করার পরও আঘাতের কারণে মৃত্যু হয়েছে তার।
এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর থেকে কুয়েতে অন্তত তিনজন নিহত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনার হামলা চালাচ্ছে ইরান।