
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যার ফলে দুই ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। আশীষ কুমারের বাড়ি ভারতের বিহার রাজ্যে, আর দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাংকার স্কাইলাইট ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। কয়েকদিন পর, ওমানের মুসান্দাম উপদ্বীপের উপকূলের কাছে জাহাজে হামলার ঘটনা ঘটে। এর আগে দেশটির দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার একটি ঘটনা ঘটেছে।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানিয়েছে, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী ট্যাংকারটি মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জাহাজে মোট ২০ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি। সবাইকে উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে ট্যাংকারে হামলার ধরন উল্লেখ করা হয়নি। তবে সরকারি তথ্য অনুযায়ী, হামলায় দুইজন নিহত হয়েছেন এবং তাদের দেহ পুড়ে গেছে। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহ তার কেবিন থেকে উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানায়, হামলার সময় দলীপ সিং জাহাজের সামনের অংশে ছিলেন এবং ক্যাপ্টেন আশীষ কুমারের সঙ্গে ছিলেন।