
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন হামলার তথ্য সামনে এনেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তেহরানের বিরোধী পক্ষের সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে সহায়তা দেয়—এমন স্থাপনাগুলো শনাক্ত করতেই বাহরাইনের ওই অ্যামাজন স্থাপনাকে টার্গেট করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, এই হামলা অঞ্চলজুড়ে আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানেরই অংশ। এর আগে দুবাইয়ে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারসহ আরও কয়েকটি কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে তাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে। পাশাপাশি বাহরাইনে তাদের একটি স্থাপনার খুব কাছাকাছি ড্রোন হামলা হওয়ায় অবকাঠামোরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, হামলার ফলে কয়েকটি স্থাপনায় কাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। এছাড়া কোথাও কোথাও আগুন নেভানোর সময় অতিরিক্ত পানি ব্যবহারের কারণেও অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন পর্যায় শুরু হয়। এরপর থেকে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর।