
প্রতিবেশী আরব দেশগুলোর ভূখণ্ডে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইরান। তবে তেহরান বলছে, এসব হামলার মূল লক্ষ্য ওই দেশগুলো নয়; বরং তাদের মাটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো।
শুক্রবার (৬ মার্চ) ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, “আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত। তবে তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণে এটি ঘটছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো শত্রুতা নেই।”
তিনি জানান, ইরানের সামরিক পদক্ষেপগুলো আসলে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে পরিচালিত নয়। বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এগুলো প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হচ্ছে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তেহরান বলছে, তারা সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।