
দক্ষিণ লেবানন থেকে ছোড়া রকেট হামলায় ইসরায়েলের অন্তত আটজন সেনা আহত হয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার এ হামলা চালায় বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় গিভাতি ব্রিগেডের পাঁচজন সৈন্য গুরুতর আহত হন। আরও তিনজন সামান্য আহত হয়েছেন। লেবানন সীমান্তের কাছে অবস্থিত একটি সামরিক অবস্থানে ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। আহত সেনাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ভিডিও প্রকাশ করেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
৪ মার্চ এক্সে প্রকাশিত ওই ইনফ্রারেড ফুটেজে ইরানের দুটি স্থানে বিস্ফোরণের দৃশ্য এবং বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়। ভিডিওতে একটি এমআই-১৭ হেলিকপ্টার আঘাতপ্রাপ্ত হওয়ার দৃশ্যও রয়েছে। এই ফুটেজ প্রকাশের পর থেকেই অনলাইনজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ইরানের দুটি গোপন স্থাপনায় হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টারসহ কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে ফুটেজটি ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করার পর অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সমালোচকদের দাবি, বিস্ফোরণের পরও হেলিকপ্টারটি যেভাবে স্থির অবস্থায় ছিল, তা বাস্তবসম্মত মনে হয় না। বরং তাদের মতে, সেটি অনেকটা মাটিতে আঁকা ত্রিমাত্রিক হেলিকপ্টারের ছবির মতো দেখাচ্ছিল। এই কারণেই ভিডিওটির সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।